ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

মেসির প্রশংসা করেও অঘটনের ইঙ্গিত দিলেন লাইমার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৮:২১ সকাল  

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্ট্রিয়ার তারকা মিডফিল্ডার কনরাড লাইমার।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে লাইমার বলেন, “আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, তাই তারাই বিশ্বের সেরা দল। আর মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তার মতো কিংবদন্তির বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা।”

তবে প্রতিপক্ষকে সম্মান জানালেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। তার ভাষায়, “আমরা মাঠে নিজেদের সেরাটা দিতে চাই। আর্জেন্টিনা অসাধারণ দল হলেও আমাদেরও নির্দিষ্ট পরিকল্পনা আছে। আমরা ভালো ছন্দে আছি এবং দল হিসেবে নিজেদের শক্তি দেখাতে প্রস্তুত।”

প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেছে অস্ট্রিয়া। ফলে আর্জেন্টিনার বিপক্ষে ইতিবাচক ফল পেলেই নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে রাল্ফ রাংনিকের শিষ্যরা।

লাইমার মনে করেন, অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় ঐক্য। তিনি বলেন, “আমরা একটি সত্যিকারের দল। সবাই একে অপরের জন্য খেলি, দেশের জন্য জিততে চাই। মাঠের ভেতরে-বাইরে আমাদের বোঝাপড়া দুর্দান্ত, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।”

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া অস্ট্রিয়ার হয়ে এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন ২৮ বছর বয়সী লাইমার। তাই এই আসরকে তিনি ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

ডেভিড আলাবা, মার্সেল সাবিৎজার ও মার্কো আরনাউটোভিচদের নিয়ে গড়া অস্ট্রিয়া আগ্রাসী ফুটবল ও উচ্চগতির প্রেসিংয়ের মাধ্যমে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চাপে ফেলতে চায়। অন্যদিকে মেসিদের লক্ষ্য টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ফলে দুই দলের লড়াইয়ে উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে।