ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বেনজীরকে দেশে আনতে প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৩১ দুপুর  

ঢাকা, ২০ জুন: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলার সব প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। আশা করছি, দেশটির সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।”

এ সময় রাজধানীর মোহাম্মদপুরসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এই এলাকাকেও নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের নির্মূল করা হবে।”

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অধিক গতিতে কাজ করছে এবং তার সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি না, এটি একটি মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।” তিনি আরও জানান, আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কার্যক্রম মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।