ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক আর নেই

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৪৪ দুপুর  

বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড়, সাবেক ফুটবলার, কোচ ও ক্রীড়া সংগঠক আবদুস সাদেক আর নেই। শনিবার (২০ জুন) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবদুস সাদেক দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বড় ভাই এবং টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ক্রীড়া সংগঠক ইশতিয়াক সাদেকের বাবা।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বহুমাত্রিক এক উজ্জ্বল নাম ছিলেন আবদুস সাদেক। অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে তিনি ইউরোপ সফর করেছেন এবং জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও মিসরের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মাঠে অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে তিনি দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন তারকা খেলোয়াড় হিসেবে।

হকির পাশাপাশি ফুটবল ও ক্রিকেটেও সমান দক্ষ ছিলেন আবদুস সাদেক। ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল অধিনায়ক এবং হকি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের অধিনায়কও ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ১৯৭৭ সালে আবাহনীর কোচের দায়িত্ব নিয়ে নতুন ইতিহাস গড়েন আবদুস সাদেক। তাঁর অধীনেই সেই মৌসুমে আবাহনী কোনো ম্যাচে হার না মেনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করে, যা স্বাধীন বাংলাদেশের ফুটবলে প্রথম।

সংগঠক হিসেবেও ছিল তাঁর অসামান্য অবদান। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। তাঁর উদ্যোগ ও কূটনৈতিক দক্ষতায় ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপ হকি, যা মূলত জাপানে হওয়ার কথা ছিল। এশিয়ান হকি ফেডারেশনের বৈঠকে তাঁর উপস্থাপনায় মুগ্ধ হয়ে কয়েকটি দেশের সমর্থনে আয়োজক হওয়ার সুযোগ পায় বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম জাতীয় হকি দল গঠিত হলে ১৯৭৭-৭৮ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেন আবদুস সাদেক। ১৯৭৮ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও বাংলাদেশের হকি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন আবদুস সাদেক।

তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। খেলোয়াড়, সংগঠক ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে আবদুস সাদেকের অবদান বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।