‘৫০১’ বিতর্ক নিয়ে মামুনুল হকের দীর্ঘ পোস্ট: কী বললেন তিনি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:২৯ দুপুর
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক। ফাইল ছবি
ঢাকা, ২০ জুন : পাঁচ বছর আগে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে এবার বিস্তারিত বক্তব্য দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, ‘৫০১’ ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের একটি ব্যর্থ রাজনৈতিক প্রকল্প, যার মাধ্যমে তাকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল।
পোস্টে মামুনুল হক বলেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার স্ত্রী জান্নাত আরা (ঝর্ণা)-কে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি সেখানে গিয়ে তাকে ও তার স্ত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পরিস্থিতি সামাল দিতে তিনি স্ত্রীকে ওয়াশরুমে রাখেন, কিন্তু সেখানেও নারী পুলিশ সদস্য প্রবেশ করে লাইভ সম্প্রচার চালান।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় তিনি ও জান্নাত আরা উভয়েই নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নির্দেশে তাদের থানায় নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
বিয়ে প্রসঙ্গে মামুনুল হক জানান, জান্নাত আরা তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহিদুল ইসলামের সাবেক স্ত্রী ছিলেন। বিচ্ছেদের পর শরিয়তসম্মতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং এটি কোনো ‘মুতা বিয়ে’ বা সাময়িক বিয়ে ছিল না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সামাজিক ও পারিবারিক জটিলতার কারণে বিয়ের বিষয়টি প্রকাশ করা হয়নি।
রিসোর্টে অন্য পরিচয় ব্যবহারের ব্যাখ্যায় তিনি বলেন, পরিচয়পত্রে আগের স্বামী ও প্রথম স্ত্রীর নাম থাকায় পারস্পরিক আলোচনার ভিত্তিতে প্রথম স্ত্রীর নাম ব্যবহার করা হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঘটনার পর তার ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে ও তার পরিবারের ওপর চাপ প্রয়োগ করে।
মামুনুল হক আরও দাবি করেন, তাকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তাতে রাজি হননি। তিনি বলেন, রাজনৈতিক ও আদর্শগত বিরোধের কারণে তার বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টা চালানো হয়েছে।
পোস্টে ‘মুতা বিয়ে’ সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি জানান, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত জান্নাত আরার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল এবং চলতি বছরের মার্চে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিচ্ছেদ ঘটে।
পোস্টের শেষদিকে ‘৫০১’ নম্বরকে নিজের জন্য নেতিবাচক নয়, বরং ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের পরাজয়ের দলিল’ হিসেবে উল্লেখ করেন মামুনুল হক। তিনি বলেন, ভবিষ্যতে ‘৫০১’কে তারা বিজয়ের প্রতীক হিসেবেই স্মরণ ও উদযাপন করবেন।
(প্রতিবেদনটি মাওলানা মামুনুল হকের ফেসবুক পোস্টে উত্থাপিত দাবির ভিত্তিতে তৈরি।)
