আওয়ামী লীগ সমর্থকদের মামলায় আসামি হাসনাত আবদুল্লাহ
প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৮:৩৫ সকাল
লন্ডন প্রতিনিধি:
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা। শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স দাবি করে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকরা দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘বেধড়ক মারধরের’ অভিযোগ এনে মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মামলার মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে তারা অভিযোগ করে, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও জননিরাপত্তার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এনসিপির দাবি, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কার্যক্রম ব্যাহত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব প্রচেষ্টা অতীতের মতো এবারও ব্যর্থ হবে বলে মন্তব্য করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে মামলার প্রকৃত অবস্থা এবং অভিযোগের সত্যতা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
