ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

জিডিপি ও মূল্যস্ফীতি হিসাব হবে আরও বাস্তবসম্মত: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৮:১৭ সকাল  

ঢাকা: দেশের অর্থনৈতিক সূচকের তথ্যকে আরও নির্ভুল, বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য করতে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) গণনার পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এ একটি কারিগরি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

শনিবার (২০ জুন) রাজধানীর পরিসংখ্যান ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভার আয়োজন করে বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং, যেখানে জিডিপি, সিপিআই, মূল্যস্ফীতি ও মজুরি হার সূচক প্রণয়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নির্ভরযোগ্য তথ্য ছাড়া কার্যকর উন্নয়ন পরিকল্পনা সম্ভব নয়। জিডিপি ও সিপিআই কেবল পরিসংখ্যানগত সূচক নয়, বরং দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের অন্যতম ভিত্তি। তাই এসব সূচকের হিসাব আরও আধুনিক, স্বচ্ছ ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।

তিনি জানান, বিদ্যমান পদ্ধতির সীমাবদ্ধতা চিহ্নিত করতে ইতোমধ্যে অর্থনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও গবেষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে প্রাথমিক সংস্কার প্রস্তাব তৈরি করা হবে এবং পরবর্তীতে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

জোনায়েদ সাকি বলেন, অতীতের তথ্যও পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কোনো ধরনের তথ্য বিকৃতি, অসঙ্গতি বা কারসাজি থাকলে তা শনাক্ত করা যায়। তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে প্রকাশিত পরিসংখ্যান বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। সেই আস্থা পুনরুদ্ধারে সরকার নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশে গুরুত্ব দিচ্ছে।

মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও উন্নত পদ্ধতি গ্রহণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তার মতে, এতে সিপিআই দেশের ভোক্তাদের প্রকৃত ব্যয় ও জীবনযাত্রার পরিবর্তনকে আরও কার্যকরভাবে প্রতিফলিত করতে সক্ষম হবে।

সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ওবায়দুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে জিডিপি, সিপিআই, মূল্যস্ফীতি ও মজুরি হার সূচক প্রণয়নের বর্তমান পদ্ধতি, তথ্যের উৎস, কভারেজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপন করা হয়।