ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ইঁদুরে কাটা তারে থেমেছিল ট্রাফিক নজরদারি

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৪৭ দুপুর  

রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে— এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ক্যামেরাগুলো বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে এবং এগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, কারওয়ান বাজার এলাকায় কারিগরি সমস্যার কারণে এআই ক্যামেরা ব্যবস্থায় সাময়িক বিঘ্ন দেখা দিয়েছিল। ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানান, ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কিছু কাজ চলাকালে ক্যামেরার সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্বল্প সময়ের জন্য ক্যামেরাগুলোর কার্যক্রম ব্যাহত হয়।

তিনি বলেন, প্রয়োজনীয় মেরামত ও কারিগরি ত্রুটি দূর করার পর ক্যামেরাগুলো পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা সচল রয়েছে এবং আরও একটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইঁদুরে তার কেটে ফেলায় ঢাকার দুটি সিগন্যালের এআই ক্যামেরা একদিনের জন্য বন্ধ ছিল। পরে দ্রুত মেরামত করে সেগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কারওয়ান বাজারের পর বাংলামোটরের এআই ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছে— এমন দাবি ছড়িয়ে পড়লেও ডিএমপি বলছে, এটি সঠিক নয়। কোনো নীতিগত সিদ্ধান্তের কারণে ক্যামেরা বন্ধ করা হয়নি।

ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় ১১০টি এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা কার্যকর রয়েছে। আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলমান। ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এ নজরদারি ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাময়িক কারিগরি ত্রুটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে জনমনে ভুল ধারণা সৃষ্টি হয়েছিল। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা স্বাভাবিকভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।