ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

পরিত্যক্ত টয়লেটের গর্তে একই পরিবারের চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:২৫ দুপুর  

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি হৃদয়বিদারক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। পরিত্যক্ত একটি টয়লেটের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা প্রাণ হারান।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও ১০ বছর বয়সী নেইমার ম্রং। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন নিচে নামেন। পরে একে একে আরও কয়েকজন তাকে উদ্ধারের জন্য গর্তে প্রবেশ করেন। তবে গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এমন দুর্ঘটনা এড়াতে পরিত্যক্ত টয়লেট ও সেপটিক ট্যাংকের মতো স্থানে প্রবেশের আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।