পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৫২ দুপুর
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু কর্মসূচি-সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তা জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা অব্যাহত রাখার অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে। সফরের মূল লক্ষ্য হলো চলমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করা।
শনিবার সকালে ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা হন মহসিন নাকভি। সফরকালে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এটি সাম্প্রতিক সময়ে ইরানে নাকভির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সফর। এর আগে গত ৭ জুন তিনি তেহরান সফর করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকগুলোতে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালনের চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে মহসিন নাকভির সর্বশেষ তেহরান সফরকে মধ্যপ্রাচ্যে সংলাপ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
