ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৭ ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা ছাত্রদল নেত্রীর

নিউজ প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ২৬, ২০২৬, ০৪:৩৪ দুপুর  

ছাত্রদল নেত্রী জান্নাতুল ফেরদাউস জুই অভিযোগ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ৭টি ফেসবুক পেজ তার এবং অন্যদের রাজনৈতিক পরিচিতিকে হেয় করার জন্য মানহানিকর ও ধর্মীয় বিদ্বেষমূলক কনটেন্ট ছড়াচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের এই সদস্য মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর এই অভিযোগ তদন্তের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

মামলার আসামি হিসেবে চিহ্নিত ৭টি ফেসবুক পেজ হলো— ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেইনস্ট হিন্দুতভা-অফিশিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন এবং হারুল হক।

মামলার আরজিতে বলা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে জান্নাতুল ফেরদাউস জুই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন কর্মকাণ্ড থেকে সরিয়ে দিতে বিভিন্ন আইডি ব্যবহার করে মানহানিকর, কুরুচিপূর্ণ ও অসত্য মন্তব্য করেছে। অভিযোগ রয়েছে, তারা ‘বট আইডি’ ব্যবহার করে এআই প্রযুক্তি দিয়ে বিকৃত ছবি ও ভিডিও তৈরি করে রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে।

পূর্বে, গত ২৩ ডিসেম্বর বাদী ও এক সাক্ষীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের পাশাপাশি আসামিরা ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করে। একইসঙ্গে মেসেঞ্জারে অশালীন হুমকি দেওয়া এবং সামাজিকভাবে হেয় করার অভিযোগও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দৈনিক সরোবর/এএইচ