ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

চুক্তি না হলে হরমুজ প্রণালীতে টোল আরোপের হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৮:১৫ সকাল  

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হলে হরমুজ প্রণালীতে টোল বা ফি আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা ও সুরক্ষা সেবার বিনিময়ে এই ফি আদায় করা হতে পারে।

ট্রাম্প জানান, প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী প্রথম ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। এমনকি এই সময়সীমা শেষ হওয়ার পরও টোল-মুক্ত ব্যবস্থা বহাল থাকতে পারে, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়।

তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র নিজেই প্রণালী ব্যবহারে টোল আরোপের সিদ্ধান্ত নিতে পারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে হওয়া সমঝোতা স্মারকে (এমওইউ) ভবিষ্যতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সে বিষয়ে স্পষ্ট কোনো উল্লেখ নেই। চুক্তির আওতায় প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য প্রণালীটি টোল-মুক্ত থাকবে।

এ সময়ের মধ্যে ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলো প্রণালী পরিচালনার জন্য নতুন একটি কাঠামো নির্ধারণ করবে। বিশ্লেষকদের মতে, এর ফলে ভবিষ্যতে ইরানের পক্ষ থেকে প্রণালী ব্যবহারে ফি আরোপের সুযোগ তৈরি হতে পারে।

তবে ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেছেন, চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে প্রথম ৬০ দিন এবং পরবর্তী সময়েও হরমুজ প্রণালী টোল-মুক্ত রাখার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।