ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি

 প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৪:১৫ দুপুর  

খুলনার দক্ষিণ লবনচরায় দিনের আলোতেই সশস্ত্র হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন গাজী রফিক (৪৫), যিনি স্থানীয়ভাবে ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

শুক্রবার বেলা ১১টার দিকে দশগেট এলাকায় নিজ বাড়ির নিকটে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।

জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার জানান, গাজী রফিক বটিয়াঘাটা উপজেলা বিএনপির একজন সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবনচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে।

নিহতের স্ত্রী জানান, তাদের বড় ছেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তাকে খুঁজতে গিয়ে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা স্থানে বসেছিলেন রফিক।

এ সময় অজ্ঞাত ব্যক্তিরা সেখানে এসে তাকে গুলি করে। গুলি তার তলপেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

দৈনিক সরোবর/ এ এইচ